অভ্যুত্থানের পর দেশে প্রথম গুমের অভিযোগ, তদন্ত চায় এইচআরডব্লিউ

অভ্যুত্থানের পর দেশে প্রথম গুমের অভিযোগ, তদন্ত চায় এইচআরডব্লিউ
Advertisement
Advertisement

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে প্রথম গুমের অভিযোগ পাওয়া গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।

সংস্থাটি গত ১২ জুলাই হাইকোর্টের দেওয়া আদেশ অনুযায়ী কোস্ট গার্ডের হেফাজতে থাকা ৩০ বছর বয়সী জেলে মিরাজ শেখের নিখোঁজ হওয়ার ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে।

এইচআরডব্লিউর প্রতিবেদন অনুযায়ী, গত ১০ এপ্রিল রাতে বাগেরহাটের মোংলার জয়মনিরঘোল এলাকা থেকে কোস্ট গার্ড সদস্যরা মিরাজ শেখকে তুলে নিয়ে যান বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

পরদিন তার পরিবার কোস্ট গার্ডের কার্যালয়ে যোগাযোগ করলে প্রথমে জানানো হয় তিনি একটি অভিযানে আছেন, তবে পরবর্তীতে কোস্ট গার্ডের পক্ষ থেকে তাকে আটক করার বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করা হয়। কোস্ট গার্ডের পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা জানান, মিরাজ শেখ সম্পর্কে তাদের কাছে কোনো তথ্য নেই।

আরও পড়ুন

পরবর্তীতে ভুক্তভোগীর বাবার করা রিট আবেদনের প্রেক্ষিতে গত ১২ জুলাই হাইকোর্ট আইনশৃঙ্খলা বাহিনীকে আগামী ১৫ দিনের মধ্যে মিরাজ শেখকে খুঁজে বের করে আদালতে হাজির করার নির্দেশ দেন।

এইচআরডব্লিউর এশিয়া অঞ্চলের উপ-পরিচালক মীনাক্ষী গাঙ্গুলী এক বিবৃতিতে বলেন, শেখ হাসিনার ১৫ বছরের শাসনকালে হাজার হাজার মানুষ গুমের শিকার হয়েছেন। এই সাম্প্রতিক ঘটনাটি দেখায়, কার্যকর ও স্থায়ী প্রাতিষ্ঠানিক সংস্কার না হলে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে।

সংস্থাটি সরকারকে গুম প্রতিরোধমূলক আইনের সংস্কার ও নিরাপত্তা বাহিনীর জবাবদিহিতা নিশ্চিত করার তাগিদ দিয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad