কক্সবাজারের টেকনাফে প্রেমের সম্পর্কের জেরে স্থানীয় এক বাংলাদেশি যুবকের সঙ্গে পালিয়ে যাওয়া ১৭ বছর বয়সী রোহিঙ্গা কিশোরীকে উদ্ধার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। পরে তাকে পরিবারের সদস্যদের জিম্মায় হস্তান্তর করা হয়।
রোববার রাতে এসব তথ্য জানান, ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. কাউছার সিকদার।
তিনি জানান, রোববার ভোর সাড়ে ৫টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া ২৭ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের বি-৭ ব্লক থেকে ওই কিশোরীকে নিয়ে পালিয়ে যায় স্থানীয় যুবক মোস্তাফিজুর রহমান (২২)। পরে আশ্রয়শিবিরের বি-৩ ব্লকের একটি বসতঘর থেকে তাকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া কিশোরী তাসমিন আরা (১৭) জাদিমুড়া ২৭ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের বি-৭ ব্লকের বাসিন্দা আবদুস শুক্কুরের মেয়ে। আর মোস্তাফিজুর রহমান হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জাদিমুড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ শহিদুলের ছেলে।
এপিবিএন সূত্রে জানা যায়, তাসমিন আরার সঙ্গে মোস্তাফিজুর রহমানের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। রোববার ভোরে মোস্তাফিজ তার এক বন্ধুর সহযোগিতায় বিয়ের উদ্দেশ্যে তাসমিনকে নিয়ে তার এক নিকটাত্মীয়ের বাড়িতে যান। বিষয়টি জানতে পেরে তাসমিনের পরিবারের সদস্যরা বিয়েতে আসম্মতি জানিয়ে ২৭ নম্বর জাদিমুড়া আশ্রয়শিবিরের শিবির ইনচার্জের (সিআইসি) কার্যালয়ে লিখিত অভিযোগ করেন।
অভিযোগের পর সিআইসি কার্যালয় থেকে বিষয়টি জাদিমুড়া এপিবিএন পুলিশ ক্যাম্পকে জানানো হয়। পরে এপিবিএনের সদস্যরা আশ্রয়শিবিরের বি-৩ ব্লকের একটি স্থানীয় বাংলাদেশি পরিবারের বসতঘরে অভিযান চালিয়ে তাসমিন আরাকে উদ্ধার করেন।
১৬ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. কাউছার সিকদার বলেন, ‘২৭ নম্বর জাদিমুড়া রোহিঙ্গা আশ্রয়শিবির থেকে অভিযোগের ভিত্তিতে এক রোহিঙ্গা কিশোরীকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
এ ঘটনায় জড়িত বাংলাদেশি যুবকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।


