শেরপুরে রাইস কুকারে ভাত রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বুলি বেগম (৪২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
শনিবার রাতে সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের ফরিপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত বুলি বেগম ওই এলাকার ফুরকান আলীর স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে পরিবারের সদস্যদের জন্য রাইস কুকারে ভাত রান্না করতে যান বুলি বেগম। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন তিনি।
পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে বুলি বেগমকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় বাসিন্দা আরিফ হোসেন বলেন, ঘরের কাজে ব্যবহৃত বৈদ্যুতিক জিনিসপত্র ও তারের সংযোগ পরীক্ষা না করে ব্যবহার করলে এ ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই বিদ্যুতের কোনো যন্ত্র ব্যবহারের আগে তার ও সংযোগ ঠিক আছে কি না, তা ভালোভাবে পরীক্ষা করে নেওয়া প্রয়োজন।


