চট্টগ্রামের পতেঙ্গায় আলাদা দুইটি অভিযানে বিদেশি মদ, ভারতীয় শাড়ি ও গাঁজা জব্দ করেছে কোস্ট গার্ড।
মঙ্গলবার বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙ্গর বিচ এলাকায় সোমবার রাত ১১টায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড। অভিযান চলাকালে বাণিজ্যিক জাহাজ থেকে অবৈধভাবে খালাস করা প্রায় ৩৮ লাখ টাকা মূল্যের ১১৮ বোতল বিদেশি মদ ও ৪৭৭ ক্যান বিয়ার জব্দ করা হয়। এসময়, কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
অপরদিকে, চট্টগ্রামের পতেঙ্গা থানার চরপাড়া ঘাট এলাকায় একই দিন রাত ১টায় আরও একটি বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ২০ লাখ টাকার শুল্ক ফাঁকি দিয়ে আনা ৯৩ পিস ভারতীয় শাড়ি এবং ৪ লাখ ২০ হাজার টাকা মূল্যের ১৪ কেজি গাঁজা জব্দ করা হয়। এসময়, কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দ করা বিদেশি মদ ও বিয়ারের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং জব্দকৃত শাড়ি ও গাঁজা পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়।


