নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত বঙ্গভবনের দরবার হল।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম জানিয়েছেন, নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান ঘিরে সব প্রস্তুতি ও আয়োজন শেষ হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ এই শপথ অনুষ্ঠান পরিচালনা করছে।
মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানান, এই শপথ অনুষ্ঠানে এক হাজার ২০০ জনের বেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেবেন। তাকে শপথ পড়াবেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি।
রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো আমন্ত্রণপত্রে বলা হয়েছে, সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রপতি দরবার হলে আসবেন। জাতীয় সঙ্গীত ও কোরআন তেলাওয়াতের পর স্পিকার রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন।
গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন আওয়ামী লীগ সরকারের সময়ে নির্বাচিত মো. সাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী, পদত্যাগের কারণে রাষ্ট্রপতির পদ শূন্য হলে ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন হয়। সাহাবুদ্দিনের পদত্যাগে অন্তর্বর্তী সময়ের রাষ্ট্রপতির দায়িত্ব নেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
সে পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ হয়। এই নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী ছিলেন অবসরপ্রাপ্ত কর্ণেল অলি আহমদ।
৩৫ বছর পর আয়োজিত রাষ্ট্রপতি নির্বাচনে ৩৪৯ সংসদ সদস্যের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হন। বিরোধী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।
ভোট গণনা শেষে বিকালে সংসদ কক্ষে ফল ঘোষণা করেন নির্বাচনি কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দীন। রাতেই এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
এদিকে রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণার পর নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে লাল গোলাপ দিয়ে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় সংসদ কক্ষে উপস্থিত সংসদ সদস্যরা টেবিল চাপড়ে নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান।
এরপর নবনির্বাচিত রাষ্ট্রপতি হাত তুলে সংসদ সদস্যদের উদ্দেশে সালাম জানান। এ সময়ও সংসদ সদস্যরা টেবিল চাপড়ে তাকে শুভেচ্ছা জানান।
পরে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান ও বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরসহ বিরোধী সংসদ সদস্যরা ট্রেজারি বেঞ্চের কাছে এলে নবনির্বাচিত রাষ্ট্রপতি নিজের আসন থেকে বেরিয়ে বিরোধীদলীয় নেতার সঙ্গে কোলাকুলি করেন।
উল্লেখ্য, সংসদে মোট ৩৫০টি আসন থাকলেও এবারের রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার সংখ্যা ৩৪৯ জন। চট্টগ্রাম-৪ আসনের নির্বাচিত প্রার্থীর প্রার্থিতা বাতিল হওয়ায় ওই আসনে বর্তমানে কোনো সংসদ সদস্য নেই। ৩৪৯ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৩৪৩ জন। ছয়জন সংসদ সদস্য ভোট দেননি।
এই নির্বাচনের মধ্য দিয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনের বাসিন্দা হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংসদীয় পদ্ধতি পুনঃপ্রবর্তনের পর এর আগে সবশেষ ১৯৯১ সালে বিএনপি ও আওয়ামী লীগের প্রার্থী থাকায় রাষ্ট্রপতি নির্বাচনের ভোট হয়েছিল।


