জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে বেলা ২টায় শুরু হয় বহুল আলোচিত রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ। এতে ভোট দেননি রুমিন ফারহানাসহ ছয়জন সংসদ সদস্য (এমপি)।
বৃস্পতিবার বিকাল ৫টায় শেষ হয় রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ।
জানা গেছে, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিএনপির রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অধিকাংশ সংসদ সদস্য ভোটাধিকার প্রয়োগ করলেও ভোট দেননি ছয়জন এমপি।
যে ছয় সংসদ সদস্য ভোট দেননি তারা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস, চট্টগ্রাম-৩ আসনের সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা, কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ওসমান ফারুক, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা, জামায়াত থেকে বহিষ্কৃত সংসদ সদস্য (সাতক্ষীরা-৪) গাজী নজরুল ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের একমাত্র সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ।
সংসদ সূত্র জানায়, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস দীর্ঘদিন ধরে অসুস্থতাজনিত কারণে চিকিৎসার জন্য দেশের বাইরে অবস্থান করছেন। ফলে তার পক্ষে এই নির্বাচনে অংশ নেওয়া সম্ভব হয়নি।
অন্যদিকে, সাম্প্রতিক একটি বিতর্কিত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনার জেরে জামায়াতে ইসলামী ইতোমধ্যে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে। ফলে তিনি এখন স্বতন্ত্র সংসদ সদস্য হিসেবে বিবেচিত হবেন। তার ভোট দেওয়া বাধ্যবাধকতা নয়।
স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা বিএনপি বা ১১ দলীয় জোটের যেকোনো প্রার্থীর পক্ষে ভোট দেওয়ার সুযোগ থাকলেও শেষ সময় পর্যন্ত তাকে ভোটকক্ষে দেখা যায়নি।
নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা কর্মকর্তারা নিশ্চিত করেছেন, সংসদ সদস্যদের এই ভোটাভুটিতে তিনটি নির্ধারিত ব্যালট বক্স রাখা হয়। ব্যালট পেপারে প্রার্থীর পক্ষে ভোট দিয়ে তা নির্ধারিত ব্যালট বাক্সে জমা দেন এমপিরা। বিকাল ৫টার পূর্ব মুহূর্ত পর্যন্ত ভোটার তালিকায় নাম থাকা সদস্যরা অধিবেশন কক্ষে উপস্থিত হয়ে ভোট দেন।
ভোটদান শেষে বিভিন্ন দলীয় সংসদ সদস্যরা প্রধানমন্ত্রী তারেক রহমান এবং দলীয় প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কুশল বিনিময় ও ফটোসেশনে অংশ নেন। ভোটগ্রহণ শেষে এখন চলছে ভোট গণনা।
উল্লেখ্য, সংসদে মোট ৩৫০টি আসন থাকলেও এবারের রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার সংখ্যা ৩৪৯ জন। চট্টগ্রাম-৪ আসনের নির্বাচিত প্রার্থীর প্রার্থিতা বাতিল হওয়ায় ওই আসনে বর্তমানে কোনো সংসদ সদস্য নেই। ফলে রাষ্ট্রপতি নির্বাচনে একজন ভোটার কমেছে।
এবারের রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান অলি আহমদ।


