রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণার পর নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে লাল গোলাপ দিয়ে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার বিকাল ৫টা ২০ মিনিটে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ভোটের ফল ঘোষণা করার পর এমন দৃশ্য দেখা গেছে।
নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট। জামায়াতে ইসলামীসহ ১১-দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।
নির্বাচনি কর্মকর্তা এ এস এম নাসির উদ্দিন বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট। আমি ঘোষণা করছি যে, সর্বোচ্চ সংখ্যাক ভোট পাওয়ায় রাষ্ট্রপতি হিসেবে তিনি যথাযথভাবে নির্বাচিত হয়েছেন।’
ফল ঘোষণার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান দাঁড়িয়ে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে করমর্দন করেন এবং তার হাতে লাল গোলাপের একটি স্টিক তুলে দেন। এ সময় সংসদ কক্ষে উপস্থিত সংসদ সদস্যরা টেবিল চাপড়ে নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান।
এরপর নবনির্বাচিত রাষ্ট্রপতি হাত তুলে সংসদ সদস্যদের উদ্দেশে সালাম জানান। এ সময়ও সংসদ সদস্যরা টেবিল চাপড়ে তাকে শুভেচ্ছা জানান।
পরে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান ও বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরসহ বিরোধী সংসদ সদস্যরা ট্রেজারি বেঞ্চের কাছে এলে নবনির্বাচিত রাষ্ট্রপতি নিজের আসন থেকে বেরিয়ে বিরোধীদলীয় নেতার সঙ্গে কোলাকুলি করেন।
এরপর প্রধানমন্ত্রী তারেক রহমানও নিজের আসন থেকে এসে নতুন রাষ্ট্রপতির সঙ্গে কোলাকুলি করেন। এসময় প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতার সঙ্গেও কোলাকুলি করেন।
পরে সংসদ কক্ষে উপস্থিত সংসদ সদস্যরা নিজ নিজ আসন থেকে এসে নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে করমর্দন করে তাকে অভিনন্দন জানান।
একপর্যায়ে নবনির্বাচিত রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনাকারী প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে করমর্দন করেন এবং নির্বাচনের সঙ্গে যুক্ত অন্যান্য কর্মকর্তাদের সালাম জানান।
এর আগে, বৃহস্পতিবার বেলা ২টার দিকে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। বিকাল ৫টায় ভোটগ্রহণ শেষ হয়।
উল্লেখ্য, সংসদে মোট ৩৫০টি আসন থাকলেও এবারের রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার সংখ্যা ৩৪৯ জন। চট্টগ্রাম-৪ আসনের নির্বাচিত প্রার্থীর প্রার্থিতা বাতিল হওয়ায় ওই আসনে বর্তমানে কোনো সংসদ সদস্য নেই। ৩৪৯ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৩৪৩ জন। ছয়জন সংসদ সদস্য ভোট দেননি।


