বিএনপির স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে।
বৃহস্পতিবার বিএনপির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির গঠনতন্ত্রের ৭-এর (খ) ৬ ধারা অনুযায়ী জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে।
এতে আরও বলা হয়, রুহুল কবির রিজভীর এই মনোনয়ন অবিলম্বে কার্যকর হবে।
এর আগ, গত ১৩ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ করেন। তখনই বিএনপির পরবর্তী মহাসচিব কে হবেন তা নিয়ে আলোচনা শুরু হয়। এ নিয়ে টাইমস অব বাংলাদেশ “ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব কে? আলোচনায় রিজভী” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে। যেখানে বিএনপির মহাসচিব পদে রিজভী যে এগিয়ে আছেন, তা তুলে ধরা হয়।
রুহুল কবির রিজভীর শিক্ষাজীবন
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পাওয়া অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর পৈতৃক নিবাস কুড়িগ্রাম জেলায়।
রিজভীর শিক্ষাজীবন শুরু হয় বগুড়া জিলা স্কুলে। পরবর্তীতে তিনি কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় ও বগুড়া বাংলা স্কুলে পড়াশোনা করেন। উচ্চ মাধ্যমিক পর্যায়ে তিনি রাজশাহী কলেজ ও রাজশাহী সরকারি সিটি কলেজে অধ্যয়ন করেন।
উচ্চশিক্ষার জন্য তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। বিশ্ববিদ্যালয়টির ভূগোল ও পরিবেশবিদ্যা এবং ইতিহাস—দুই বিষয়ে এমএ ডিগ্রি অর্জন করেন। আইন বিষয়ে স্নাতক ডিগ্রিও অর্জন করেন তিনি।
ছাত্ররাজনীতি দিয়ে শুরু
উচ্চ মাধ্যমিক সম্পন্ন করার পর বামপন্থী বিপ্লবী ছাত্র ইউনিয়নের মাধ্যমে ছাত্ররাজনীতিতে যুক্ত হন রিজভী। তিনি রাজশাহী সরকারি কলেজ শাখা বিপ্লবী ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিষ্ঠিত হলে তিনি সংগঠনটিতে যোগ দেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক এবং পরে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। এরপর ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতির দায়িত্বও পালন করেন তিনি।
১৯৮৯ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) নির্বাচিত হন রিজভী। ১৯৯০ সাল পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন।
বিএনপিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব
দলীয় রাজনীতিতে দীর্ঘ পথ পেরিয়ে ২০১৬ সালের ১৯ মার্চ বিএনপির ষষ্ঠ জাতীয় সম্মেলনে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব নির্বাচিত হন রিজভী।
২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিবের দায়িত্ব পান তিনি। এরপর ১৫ আগস্ট বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত হন।
সবশেষে বৃহস্পতিবার বিএনপির গঠনতন্ত্রের ৭-এর (খ) ৬ ধারা অনুযায়ী জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে।
ছাত্ররাজনীতি দিয়ে শুরু হওয়া দীর্ঘ রাজনৈতিক পথচলায় ছাত্রদলের নেতৃত্ব, রাকসুর ভিপি, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্যের দায়িত্ব পালনের পর এবার দলের ভারপ্রাপ্ত মহাসচিবের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন রিজভী।


