মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই পর্যটকের একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তার নাম মারুফ হোসেন (২২)। নিখোঁজ অপর পর্যটক মো. রাসেলের (৪০) সন্ধানে উদ্ধার অভিযান চলছে।
মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে নিখোঁজ হওয়ার প্রায় ২৫ ঘণ্টা পর পদ্মা নদীতে মারুফের মরদেহ ভেসে ওঠে। পরে ডুবুরি দলের সদস্যরা মরদেহটি উদ্ধার করেন।
সোমবার বেলা পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে। ঢাকার খিলগাঁও থেকে আটজনের একটি দল সহকর্মীদের সঙ্গে অফিস ট্যুরে পদ্মা সেতু এলাকায় ঘুরতে আসেন। তারা সেতুর ৪ নম্বর পিলারের কাছের চরে গিয়ে নদীতে নামেন। একপর্যায়ে তীব্র স্রোত ও গভীর পানিতে তলিয়ে যান মারুফ ও রাসেল।
বিষয়টি বুঝতে পেরে তাদের সহকর্মী ও স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে মাওয়া নৌ পুলিশ স্পিডবোট নিয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে কোস্টগার্ড ও মুন্সিগঞ্জ থেকে আসা ফায়ার সার্ভিসের বিশেষ ডুবুরি দলও উদ্ধার অভিযানে যোগ দেয়। নদীর তলদেশে নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালানো হয়।
মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মামুন খসরু জানান, নিখোঁজ দুই পর্যটকের খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। মারুফের মরদেহ উদ্ধার করা হয়েছে। রাসেলের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।


