প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর মন্তব্য করেছেন, জামায়াতে ইসলামী সুযোগ পেলে আওয়ামী লীগের চেয়েও বড় ফ্যাসিস্ট হবে। তিনি জামায়াতে ইসলামী থেকে ‘ইসলাম’ শব্দটা বাদ দেওয়ার আহ্বান জানান।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কুষ্টিয়ায় জামায়াত-শিবিরের হামলায় আহত সোহানুর রহমান সোহানকে দেখতে এসে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘জামায়াতে ইসলামী থেকে ইসলাম শব্দ বাদ দিতে আমি তাদের প্রতি আহ্বান জানাই। জামায়াত সুযোগ পেলে আওয়ামী লীগের চাইতেও বড় ফ্যাসিস্ট হবে।’
তারা ইসলামের লেবাস লাগিয়ে ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করছে এবং তাদের নৈতিক চরিত্রের অবক্ষয় হয়েছে। কুষ্টিয়ার এমপি জামায়াত নেতা আমির হামজা ও গাজী নজরুল তারই বড় উদাহরণ।
নুরুল হক নুর আরও বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী প্রত্যাশা ছিল, অংশীদাররা ফ্যাসিবাদের আমলে মজলুম ছিল, তারা সবাই মিলেমিশে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ নির্মাণ করবে। কিন্তু এখন দেখা যাচ্ছে, জামায়াতে ইসলামীর সরকারে যাওয়ার খায়েশ হয়েছে। সরকারের ছয় মাস যেতে না যেতেই তারা সরকারকে নিয়ে বিরক্তিকর বক্তব্য দেওয়া শুরু করেছে।
‘এমপি আমির হামজা বিভিন্ন সময় সংসদ সদস্য রুমিন ফারহানা এবং ফারজানা পুতুলসহ অন্যান্য নারী সংসদ সদস্যদের নিয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য করছেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোকে নিয়েও কুরুচিপূর্ণ মন্তব্য করেন।’
তিনি বলেন, আমির হামজার এসব নোংরা ভণ্ডামিপূর্ণ কথাবার্তা জামায়াত সমর্থন করছে। এ ছাড়া সাতক্ষীরার এমপি নজরুল ইসলামের কর্মকাণ্ডের পরও জামায়াত যদি নিজেদের ইসলামী দল হিসেবে দাবি করে, তবে তা ইসলামের সঙ্গে সাংঘর্ষিক।
‘আমি বলব জামায়াত যেন ‘ইসলামী’ নামটি বাদ দেয়। কারণ, তারা ইসলামের লেবাস ধরে নামটির সবচেয়ে বেশি ক্ষতি করছে,’ যোগ করেন তিনি।


