দেশের বর্তমান রাজনীতির সবচেয়ে প্রধান ইস্যু গণভোটের রায় উল্লেখ করে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সংসদে বিষয়টির নিষ্পত্তি না হলে আমরা জনগণের কাছে ফিরে যাব।
সোমবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সরকারি বাসভবনে সম্পাদকদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে আয়োজিত এই মতবিনিময় সভায় গোলাম পরওয়ার বলেন, ‘গণভোটের ব্যালটে যে চারটি প্রশ্নে ৭০ ভাগ লোক হাতে ভোট দিয়ে “হ্যাঁ” যুক্ত করেছে, ওই রায় কার্যকর করার প্রশ্নে ১১ দলীয় ঐক্য তথা জামায়াতে ইসলামী তিল পরিমাণ ছাড় দেবে না।’
তিনি বলেন, ‘সংসদে যদি নিষ্পত্তি হয়, আলহামদুলিল্লাহ। নয়তো ৭০ ভাগ জনগণ যেখানে আছে আমরা সেখানে চলে যাব।’
সংসদের পাশাপাশি রাজপথের কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়ে জামায়াতের এই নেতা জানান, গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আগামী ৫ তারিখ সকাল ৭টায় শাপলা চত্বর থেকে চট্টগ্রামের উদ্দেশে ১১ দলীয় ঐক্যের গাড়িবহর নিয়ে লং মার্চ শুরু হবে।
তবে বিরোধী দল হিসেবে সংসদে গঠনমূলক ও দায়িত্বশীল ভূমিকা পালনের কথা জানিয়ে গোলাম পরওয়ার বলেন, বিরোধিতার জায়গায় বিরোধিতা এবং সহযোগিতার জায়গায় সহযোগিতা করবে জামায়াত। সেই বিরোধিতা নিয়মতান্ত্রিক ও গঠনমূলক হবে উল্লেখ করে তিনি সরকারকেও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
বৈঠকে সংসদীয় কর্মকাণ্ডে বিরোধী দলের প্রতি বৈষম্যের অভিযোগ তুলে ধরার কথা জানিয়ে জামায়াত নেতা বলেন, উন্নয়নকাজে বরাদ্দ ও বণ্টন, সংসদের ফ্লোরে কথা বলার সুযোগ, আইন প্রণয়ন এবং বিভিন্ন নোটিশ গ্রহণের ক্ষেত্রে তারা কী ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন, তা সম্পাদকদের জানানো হয়েছে।
সম্পাদকদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে গণভোটের রায় বাস্তবায়ন ছাড়াও বিদ্যুৎ ও গ্যাস সংকট, দ্রব্যমূল্য এবং প্রবাসীদের অধিকার নিয়ে আলোচনা হয়।
গণমাধ্যমের সঙ্গে জামায়াতের দূরত্ব থাকার কথা অস্বীকার করে গোলাম পরওয়ার জানান, গণমাধ্যমের সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টার অংশ হিসেবেই সম্পাদকদের সঙ্গে এই মতবিনিময়ের আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় যায়যায়দিন, ইত্তেফাক, দ্য ডেইলি স্টার, মানবজমিন, আমার দেশ, ইনকিলাব, বণিক বার্তা, দ্য নিউ নেশন, নয়াদিগন্ত, ডেইলি ওয়াদার, আগামীর সময়, প্রতিদিনের বাংলাদেশ, খবরের কাগজ, কালবেলা, দেশ রূপান্তর, ভোরের ডাক, সময়ের আলো, আজকের পত্রিকা, দৈনিক করতোয়া, বাণিজ্য প্রতিদিন ও মানবকণ্ঠ পত্রিকার সম্পাদক এবং প্রথম আলোর নির্বাহী সম্পাদক, আজকের পত্রিকা ও সময়ের আলোর ভারপ্রাপ্ত সম্পাদক উপস্থিত ছিলেন।


