৪০টির বেশি বিশ্ববিদ্যালয় নিয়ে গোবিপ্রবিতে গবেষণা সম্মেলন

৪০টির বেশি বিশ্ববিদ্যালয় নিয়ে গোবিপ্রবিতে গবেষণা সম্মেলন
গোবিপ্রবিতে দুই দিনব্যাপী ‘ইন্টারডিসিপ্লিনারি সামিট’ আয়োজন উপলক্ষে সংবাদ সম্মেলন করেন আয়োজকরা। বুধবার বিশ্ববিদ্যালয়ের একাডেমি ভবনে। ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

দেশের ৪০টির বেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) শুরু হতে যাচ্ছে দুই দিনব্যাপী ‘ইন্টারডিসিপ্লিনারি সামিট ২০২৬’।

আগামী ২৮ ও ২৯ আগস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। ‘বৈশ্বিক প্রভাবের জন্য চিন্তার মিলন’ প্রতিপাদ্যে সম্মেলনের আয়োজন করছে বিশ্ববিদ্যালয়ের মডেল ইউনাইটেড নেশনস ও বৈশ্বিক বিষয়াবলি নিয়ে কাজ করা সংগঠন জিএসটিইউ গ্লোবাল অ্যাফেয়ার্স কাউন্সিল (জিএসটিইউজিএসি)।

বুধবার বিশ্ববিদ্যালয়ের একাডেমি ভবনের ১১৩ নম্বর কক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আয়োজক কমিটির আহ্বায়ক নিয়াজ আল হাসান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সম্মেলনে সাতটি বিষয়ভিত্তিক অধিবেশনে শিক্ষার্থীদের গবেষণাপত্র উপস্থাপন ও আলোচনা হবে। প্রথম দিনে তিনটি এবং দ্বিতীয় দিনে চারটি–মোট সাতটি সেশন অনুষ্ঠিত হবে। এসব অধিবেশনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেবেন।

আরও পড়ুন

নিয়াজ আল হাসান বলেন, সম্মেলনে মোট ১১১ জন গবেষণাপত্র জমা দিয়েছেন। যাচাই-বাছাই করে এর মধ্যে ৬৬টি গবেষণাপত্র চূড়ান্ত অংশগ্রহণের জন্য মনোনীত হয়েছে। নির্বাচিত গবেষণাপত্রগুলো ম্যাগাজিন আকারে প্রকাশ করা হবে। পাশাপাশি সম্মেলনের কার্যবিবরণী (প্রসিডিংস) আইএসবিএন নিবন্ধিত করা হবে। গবেষণা কার্যক্রমে ৩৬ জন সহলেখক (অবজারভার) যুক্ত রয়েছেন।

সম্মেলনের বিভিন্ন অধিবেশনের দায়িত্বে থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, জিএসটিইউসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

আয়োজক কমিটির দাবি, ৪০টির বেশি বিশ্ববিদ্যালয়ের গবেষক-শিক্ষার্থী, সাতটি আন্তঃবিষয়ক সেশন এবং আইএসবিএন-নিবন্ধিত কার্যবিবরণী প্রকাশের উদ্যোগের কারণে সম্মেলনটি দেশের বৃহৎ শিক্ষার্থী গবেষণা সম্মেলনগুলোর একটি হতে যাচ্ছে।

আয়োজকদের মতে, শিক্ষার্থীদের গবেষণা বৃহত্তর পরিসরে উপস্থাপন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে একাডেমিক যোগাযোগ বৃদ্ধি এবং আন্তঃবিষয়ক গবেষণায় শিক্ষার্থীদের উৎসাহিত করার ক্ষেত্রে এ সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad