মানিকগঞ্জে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রির অভিযোগে দুই ডিলারকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার দুপুরে শহরের বেউথা এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
অভিযানে দেখা যায়, মিলেনিয়াম ট্রেডার্স এবং মেসার্স ভাই ভাই ট্রেডার্স সরকার নির্ধারিত দামের চেয়ে প্রতিটি সিলিন্ডার ৩০০ টাকা বেশি দামে বিক্রি করছিল। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯–এর ৪০ ধারা অনুযায়ী প্রতিষ্ঠান দুটিকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়।
সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, ‘নির্ধারিত দামের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় জরিমানা করা হয়েছে। বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে ও ভোক্তাদের অধিকার সুরক্ষায় এমন অভিযান নিয়মিতভাবে চলবে।’
উল্লেখ্য, প্রতি কেজি এলপিজির দাম ১১১ টাকা ৭৪ পয়সা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আর ১২ কেজির এলপিজি সিলিন্ডার ১ হাজার ৩৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।


