আগামী ফেব্রুয়ারির সংসদ ও গণভোট অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, জাতি এ নির্বাচন নিয়ে গর্ব করবে।
বুধবার রাজধানী ঢাকার মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজ আয়োজিত ন্যাশনাল ডিফেন্স কোর্স এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
দেশের নিরাপত্তা রক্ষা এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, কৌশলগত ভৌগোলিক অবস্থান বাংলাদেশের জন্য উল্লেখযোগ্য সুযোগ সৃষ্টি করেছে।
কোর্স শেষ করা সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ন্যাশনাল ডিফেন্স কলেজে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা জাতীয় উন্নয়ন, নীতি প্রণয়ন এবং কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে কার্যকর ভূমিকা রাখবে। মুহাম্মদ ইউনূস কর্মকর্তাদেরকে দেশের উন্নয়ন ও জাতীয় স্বার্থ সংরক্ষণে তাদের অর্জিত জ্ঞান ও মেধার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান।
নিরাপত্তা ও উন্নয়ন বিষয়ে উচ্চমানের শিক্ষা প্রদানে ন্যাশনাল ডিফেন্স কলেজ এরই মধ্যে একটি উৎকর্ষ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। বলেন, দ্রুত বদলে যাওয়া আন্তর্জাতিক পরিবেশে জাতীয় ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ নেতৃত্ব তৈরিতে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
চলতি বছর ন্যাশনাল ডিফেন্স কোর্সে মোট ৯৬ জন সদস্য অংশগ্রহণ করেন। এর মধ্যে ছিলেন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ৪৯ জন, অসামরিক প্রশাসনের ১৮ জন এবং ভ্রাতৃপ্রতিম ১৮টি দেশের ২৯ জন সদস্য। এ ছাড়াও বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর ৫৬ জন কর্মকর্তা সফলভাবে আর্মড ফোর্সেস ওয়ার কোর্স সম্পন্ন করেন।


