রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা ২০২৭ সালের ৮ জানুয়ারি শুরু হবে। প্রাথমিক আবেদন চলবে ১২ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত।
রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিকভাবে ২০২৭ সালের ৮, ৯ ও ১৬ জানুয়ারি যথাক্রমে বি, সি ও এ ইউনিটের ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। রাজশাহী ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, ময়মনসিংহ ও রংপুর কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আজ প্রশাসন ভবন-১-এর কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত ভর্তি উপকমিটির সভায় এসব বিষয়ে সুপারিশ করা হয়।


