নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে আছে এবং যেকোনো সময় ঘোষিত হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মূখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।
রোববার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আব্দুস সাত্তার বলেন, ‘গত ১১ বছর পে-স্কেল না হওয়ায় ১৮ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী মুদ্রাস্ফীতির চাপে আছেন। জনগণের জন্য কষ্টকর হলেও সরকারি চাকুরিজীবীদের জীবনযাত্রার সমন্বয় করতে হবে।’
‘সরকারের এখন প্রধান চ্যালেঞ্জ অর্থনীতি। সংকট সমাধানে কর্মসংস্থান সৃষ্টি এবং উৎপাদনশীলতা বাড়ানোর পরিকল্পনা করছে সরকার,’ যোগ করেন তিনি।
মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবং পূর্ববর্তী সরকারের বিকল্প ব্যবস্থা না থাকায় এখন গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকট দেখা দিয়েছে। সরকার রাশিয়া, ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও চীন থেকে বহুমুখী সাপ্লাই চেইন তৈরির চেষ্টা করছে বলেও জানান প্রধানমন্ত্রীর মূখ্য সচিব।
মন্ত্রিসভা সচিব ও জনপ্রশাসন সচিবের মেয়াদ আজ শেষ হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর মূখ্য সচিব বলেন, নতুন মন্ত্রিসভা সচিব ও জনপ্রশাসন সচিব কারা হচ্ছেন তা জানতে হলে আগামী ২৪ ঘণ্টা অপেক্ষা করতে হবে। এ ছাড়া, মন্ত্রিসভায় রদবদলের বিষয়ে রাজনৈতিক নেতৃত্ব সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি।


