বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে আত্মসমর্পণ করেছেন মিয়ানমারের সেনাবাহিনী, বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) ও পুলিশের ১৪ সদস্য। বুধবার রাতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে আলীকদম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এর আগে, মঙ্গলবার আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)-এর অধীন কুরুকপাতা কিল্লাইপাড়া চেকপোস্টে এসে তারা আত্মসমর্পণ করেন। পরে বিজিবি সদস্যরা তাদের হেফাজতে নেন এবং ব্যাটালিয়ন সদরে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেন।
আলীকদম ৫৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী টাইমস অব বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মিয়ানমারের ১৪ জন নাগরিক কিল্লাইপাড়া চেকপোস্টে এসে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন। প্রাথমিকভাবে জানা গেছে, তারা মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। বাংলাদেশে প্রবেশের সময় তারা নিরস্ত্র ও বেসামরিক পোশাকে ছিলেন।
তিনি বলেন, ‘তাদের বাংলাদেশে প্রবেশের কারণ ও পরিস্থিতি সম্পর্কে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বিষয়টি যাচাই-বাছাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আলীকদম থানায় হস্তান্তর করা হয়েছে।’
বিজিবি সূত্র জানায়, সীমান্ত অতিক্রম করে অনুমতি ছাড়া বাংলাদেশে প্রবেশের ঘটনায় ওই ১৪ জনের বিরুদ্ধে প্রচলিত আইন, ফরেনার্স অ্যাক্ট এবং সীমান্ত নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা-সংক্রান্ত বিধিবিধান অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য তাদের আলীকদম থানায় হস্তান্তর করা হয়।
আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, ‘বুধবার রাতে বিজিবি আটক ১৪ জনকে থানায় হস্তান্তর করেছে। তারা সবাই মিয়ানমারের নাগরিক এবং দেশটির বিভিন্ন বাহিনীর সদস্য। তাদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’
এদিকে মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১৪ সদস্যের বাংলাদেশে প্রবেশের ঘটনায় সীমান্ত এলাকায় সতর্কতা বাড়িয়েছে বিজিবি। সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সীমান্তে নিরাপত্তা জোরদারের পাশাপাশি সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে বলে জানিয়েছে বিজিবির কর্মকর্তারা।


