কেনিয়ার সামবুরু কাউন্টিতে পর্যটকবাহী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচ মার্কিন নাগরিকসহ সাতজন নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে ছয় যাত্রী ও একজন পাইলট ছিলেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
রয়টার্সের দেখা আর্চার্স পোস্ট পুলিশ স্টেশনের প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, হেলিকপ্টারটি উত্তর কেনিয়ার বন্যপ্রাণী সংরক্ষণ এলাকা ও সাফারি গন্তব্য লইসাবা কনজারভেন্সির দিকে যাচ্ছিল। পথে এটি বিধ্বস্ত হয়।
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, নিহতদের মধ্যে পাঁচজন মার্কিন নাগরিক ছিলেন। ইকুয়েডরের প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, দেশটির গোয়েন্দা বিভাগের প্রধান মিশেল সেনসি-কন্তুচ্চি ও তার স্ত্রী স্টেফানি হলিহানও নিহত হয়েছেন। স্টেফানির মার্কিন নাগরিকত্ব ছিল।
মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, ‘মার্কিন দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে এবং কনস্যুলার সহায়তা দিচ্ছে।’
প্রাথমিক পুলিশ প্রতিবেদনে সেনসি-কন্তুচ্চি ও তার স্ত্রীকে পর্যটক হিসেবে উল্লেখ করা হয়েছে।
পর্যটকদের ওই ভ্রমণের আয়োজন করা বিলাসবহুল ট্যুর সংস্থা অ্যান্ডবিয়ন্ড এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি।
কেনিয়া রেডক্রস জানিয়েছে, দুর্গম ভূখণ্ড ও দুর্ঘটনাস্থলে আগুনের কারণে উদ্ধার ও মরদেহ উদ্ধারের কাজ ব্যাহত হচ্ছে।


