ঢাকায় পিঠা বিক্রেতার ছুরিকাঘাতে এক গাড়ি চালকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাতে ধানমন্ডি ৩ নম্বর রোডে এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম রনি খন্দকার (৪৭)। তিনি পেশায় একজন গাড়ি চালক।
স্থানীয়রা গুরুতর আহত রনিকে উদ্ধার করে ধানমন্ডি পপুলার হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ মধ্যরাতে সেখান থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহজালাল মিয়া জানান, নিহত রনি খন্দকারের বাড়ি বাগেরহাটের চিতলমারী উপজেলার শ্যামপাড়া গ্রামে। তার বাবা মৃত আব্দুস সামাদ খন্দকার। তিনি থাকতেন হাজারীবাগ বউবাজার পাঁচতলা এলাকায়।
ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, পিঠা বিক্রেতার ভ্যানের ভাড়ার টাকাকে কেন্দ্র করে গাড়ি চালকের সাথে তার হাতাহাতি হয়। এক পর্যায়ে পিঠা বিক্রেতা একটি ধারালো ছুরি দিয়ে নিহতের রানি ঘাড়ে আঘাত করে। এতে তার ঘাড়েই ছুরিটি আটকে যায়।
ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।


