ঢাকার ধানমন্ডি ও বনানী থানা এলাকায় অভিযান চালিয়ে ব্যাটারিচালিত অটোরিকশা চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন মো. হানিফ কাজী এবং মো. রশিদুল ইসলাম।
পুলিশ জানায় শুক্রবার ভোর সাড়ে পাচটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ধানমন্ডি ও বনানী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, প্রথমে রিকশার যাত্রী সেজে তারা গন্তব্যে যায়। পরে চালককে বিভিন্ন অজুহাতে দোকান থেকে সিগারেট বা অন্য কোনো মালামাল আনতে পাঠিয়ে সুযোগ বুঝে ব্যাটারিচালিত অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। এভাবে তারা প্রতারণার মাধ্যমে দীর্ঘদিন ধরে ঢাকার বিভিন্ন এলাকা থেকে অটোরিকশা চুরি করে আসছিল।
তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৫টি চোরাইকৃত ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত অটোরিকশাগুলোর আনুমানিক মূল্য ৫ লাখ টাকা।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।


