নওগাঁবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হচ্ছে। শনিবার আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম শুরু করছে নওগাঁ বিশ্ববিদ্যালয়। ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের প্রথম ব্যাচের নবীনবরণের মধ্য দিয়ে উচ্চশিক্ষার নতুন যাত্রা শুরু করবে উত্তরাঞ্চলের এই বিদ্যাপীঠ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী আ.ন.ম. এহসানুল হক মিলন।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সায়েম বিন সোলাইমান জানান, বিশেষ অতিথি থাকবেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, শিক্ষা সচিব মো. আব্দুল খালেক, ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ, ইউজিসি সদস্য আবদুল্লাহ-আল-মামুন ও মাউশির মহাপরিচালক খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। এছাড়া স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেবেন।
সকাল ১০টায় শহরের বরুনকান্দি মোড়ের অস্থায়ী ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। এরপর পায়রা ও বেলুন ওড়ানো, উদ্বোধনী ফলক উন্মোচন, শ্রেণিকক্ষ, গ্রন্থাগার ও ল্যাব উদ্বোধনের মাধ্যমে কর্মসূচির সূচনা হবে।
বেলা ১১টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে হবে আলোচনা সভা। সেখানে বিশ্ববিদ্যালয় নিয়ে প্রামাণ্যচিত্র দেখানো হবে। প্রথম ব্যাচের শিক্ষার্থীদের আমগাছের চারা দিয়ে বরণ করা হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ হাছানাত আলী।
উপাচার্য জানান, আইন ও হিসাববিজ্ঞান বিভাগে ৪০ জন করে মোট ৮০ শিক্ষার্থী নিয়ে পাঠদান শুরু হচ্ছে। ইতিমধ্যে আটজন শিক্ষক যোগ দিয়েছেন। অস্থায়ী ক্যাম্পাসেও প্রয়োজনীয় সব একাডেমিক সুবিধা নিশ্চিত করা হয়েছে।
স্থায়ী ক্যাম্পাস প্রসঙ্গে উপাচার্য বলেন, ‘ইতিমধ্যে ৯৭ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। আধুনিক ও গবেষণাবান্ধব ক্যাম্পাস গড়তে মাস্টারপ্ল্যান করা হয়েছে। পর্যায়ক্রমে নতুন বিভাগ চালু ও আন্তর্জাতিক মানের শিক্ষা নিশ্চিত করা হবে। কৃষি ও কর্মমুখী শিক্ষায় নওগাঁ বিশ্ববিদ্যালয় উত্তরাঞ্চলের অন্যতম কেন্দ্র হয়ে উঠবে।’


