ক্রিকেট কিংবদন্তি স্যার গ্যারি সোবার্সের প্রয়াণ

ক্রিকেট কিংবদন্তি স্যার গ্যারি সোবার্সের প্রয়াণ
মাঠে কিংবদন্তি অলরাউন্ডার স্যার গ্যারি সোবার্স। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স ৮৯ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই ক্রিকেটারকে সর্বকালের সেরা অলরাউন্ডার হিসেবে বিবেচনা করা হয়। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং–তিন বিভাগে অনন্য নৈপুণ্য দেখিয়েছেন তিনি।

১৯৫৩ সালে ১৬ বছর বয়সে বার্বাডোসের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় সোবার্সের। এর পরের বছর ওয়েস্ট ইন্ডিজের হয়ে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। ১৯৫৮ সালে পাকিস্তানের বিপক্ষে অপরাজিত ৩৬৫ রানের একটি ইনিংস খেলেন তিনি। এটি সে সময় টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড ছিল, যা দীর্ঘ ৩৬ বছর টিকে ছিল।

১৯৬৮ সালে নটিংহ্যামশায়ারের হয়ে খেলার সময় গ্ল্যামরগানের বিপক্ষে প্রথম শ্রেণির ক্রিকেটে এক ওভারে ছয়টি ছক্কা মারেন সোবার্স। প্রথম ব্যাটার হিসেবে এক ওভারে ছয় ছক্কা মারার এই কীর্তি ক্রিকেটের ইতিহাসে অন্যতম স্মরণীয় ঘটনা হিসেবে গণ্য করা হয়।

১৯৭৪ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার আগে ৯৩টি টেস্ট ম্যাচে ৮ হাজার ৩২ রান করেন এবং ২৩৫টি উইকেট নেন সোবার্স। এ ছাড়া প্রথম শ্রেণির ক্রিকেটে তার সংগ্রহ ২৮ হাজারেরও বেশি রান এবং ১ হাজারের বেশি উইকেট।

ক্রিকেটে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৭৫ সালে তাকে নাইটহুড উপাধিতে ভূষিত করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad