কুমিল্লার দেবিদ্বারে এক যুবকের ধারালো অস্ত্রের হামলায় মা ও আট মাস বয়সী ভাতিজি নিহত হয়েছেন। এ সময় বাধা দিতে গিয়ে গুরুতর জখম হয়েছেন ওই যুবকের ভাবী।
সোমবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার বড়শালঘর ইউনিয়নের বড়শালঘর গ্রামের দক্ষিণ পাড়ার মোস্তফা মাস্টারের বাড়িতে এই ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত ইমনকে (২৪) আটক করে ঘরে তালাবদ্ধ করে রাখে।
নিহতরা হলেন ইমনের মা পেয়ারা বেগম এবং তার আট মাস বয়সী ভাতিজি। হামলায় গুরুতর আহত ভাবীর নাম রাবেয়া বেগম।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে আটটার দিকে ইমন কোনো উত্তেজিত হয়ে দা দিয়ে তার মা পেয়ারা বেগমকে কুপিয়ে হত্যা করে। এরপর তার আট মাস বয়সী ভাতিজিকে আছড়ে মেরে ফেলে। এ সময় তাকে বাধা দিতে এগিয়ে এলে ভাবী রাবেয়া বেগমকেও এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়।
স্থানীয়রা আহত রাবেয়াকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায় এবং ইমনকে পাশের একটি ঘরে আটকে রাখে।
বিষয়টি নিশ্চিত করে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। প্রাথমিকভাবে জানা গেছে অভিযুক্ত ইমন দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তবে ঠিক কী কারণে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিস্তারিত তদন্তের পর বিষয়টি পরিষ্কার হবে।’


