রাজধানীর পুরানা পল্টনে চাঁদার দাবিতে এক ঠিকাদারকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহতের ঘটনা ঘটেছে। আহত ঠিকাদার কামাল হোসেনকে (৪৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। বুধবার বিকেলে এলাকার নির্মাণাধীন ভবনে এই ঘটনা ঘটে।
হাসপাতালে আহত কামাল হোসেনের ভাই মনিরুল ইসলাম জানান, তাদের বাসা শনিআখড়া জিয়া সরণি এলাকায়। তারা বিভিন্ন জায়গায় বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করেন।
বেশ কয়েকদিন ধরে তারা পুরানা পল্টনে একটি ৬ তলা ভবনের কাজ করছেন, যার মালিক মাহমুদুর রহমান। মনিরুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘গত এক মাস ধরে স্থানীয় কিছু যুবক ভবনে এসে হুমকি দিয়ে বলে, তাদের কাজের ভাগ দিতে হবে। কেউ বলে তার কাছ থেকে রড-সিমেন্ট নিতে হবে, কেউ বলে ইট-বালু নিতে হবে। আমরা তা অস্বীকার করি।’
এজন্য বুধবার বিকালে ১০-১২ জন যুবক ভবনে এসে কামালকে হাতুড়ি দিয়ে মাথায়, মুখে ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। শ্রমিকদের বিল পরিশোধের জন্য রাখা ৮৫ হাজার টাকা লুট করে নিয়ে চলে যায়। এরপর দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। ঘটনাটি সঙ্গে সঙ্গে পল্টন থানায় জানানো হয়েছে, যোগ করেন তিনি।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, পল্টন থেকে এক ঠিকাদার আহত হয়ে হাসপাতালে এসেছেন। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।


