রাজধানীর রমনা থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার হয়ে কারাভোগ করা সাংবাদিক আজহার আলী সরকার জামিনে মুক্তির এক মাস ১০ দিন পর মারা গেছেন।
রোববার দুপুরে রাজধানীর শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) নেওয়ার পথে তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী রোকসানা পারভীন।
রোকসানা পারভীন বলেন, ‘তিনি শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে বেশি অসুস্থ হয়ে পড়লে দুপুর ১টা ১০ মিনিটের দিকে সেখান থেকে পিজি হাসপাতালে (বর্তমান বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়) নেওয়ার জন্য বের হই। তখনই রাস্তায় তিনি মারা যান।’
পরিবার সূত্রে জানা গেছে, ৫৭ বছর বয়সী আজহার আলী দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন। সম্প্রতি অসুস্থ হয়ে তিনি শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
আজহার আলীকে গত বছরের ১০ অক্টোবর গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরিবারের দাবি, ওই দিন সন্ধ্যায় ডিবি পুলিশের একটি দল রাজধানীর বনশ্রীর বাসা থেকে তাকে নিয়ে যায়। পরদিন তাকে রমনা থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
মামলাটি বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিমকে গ্রেপ্তারের পর করা হয়েছিল বলে জানা যায়। ওই মামলায় গ্রেপ্তার দেখানোর পর আজহার আলীকে কারাগারে পাঠানো হয়।
এরপর থেকে তিনি কারাগারে ছিলেন। কারাগারে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়ায় তার পরিবারের পক্ষ থেকে জামিনের আবেদন করা হয়। অসুস্থতা বিবেচনায় আদালত গত ১৭ আগস্ট তাকে জামিন দেন। জামিনে মুক্তির এক মাস ১০ দিন পর রোববার তার মৃত্যু হলো।
আজহার আলী দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ছিলেন।


