জামায়াতে ইসলামীকে একটি মোনাফেক দল আখ্যা দিয়ে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মো. ফজলুর রহমান বলেছেন, সাপের চেয়েও এই দলের বিষয়ে মানুষকে বেশি সতর্ক থাকতে হবে।
রোববার বিকাল নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে’ নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনার সরকারের সমালোচনা করে ফজলুর রহমান বলেন, শেখ হাসিনা দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছিলেন এবং ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে প্রহসনের নির্বাচন করেছিলেন।
হাসিনা ফিরে আসার কথা বললেও তিনি আর ফিরবেন না মন্তব্য করে বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বিএনপিকে কেউ সহজে ধাক্কা দিয়ে ফেলে দিতে পারবে না। তবে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী ও বুদ্ধিজীবী হত্যাকারী জামায়াতে ইসলামীকে বন্ধু বা ‘খালাতো ভাই’ মনে করলে ভুল হবে।
তিনি অভিযোগ করেন, জামায়াত সংসদে একরকম আচরণ করে আর বাইরে এসে বিএনপিকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার কথা বলে।
জামায়াতকে সাপের সঙ্গে তুলনা করে তিনি বলেন, একটি সাপ ও একটি জামায়াত সামনে এলে আগে জামায়াত সম্পর্কে সাবধান হতে হবে, তারপর সাপ মারতে হবে।
একই সঙ্গে তারেক রহমানকে রাষ্ট্রক্ষমতায় দেখতে চাইলে নেতাকর্মীদের চাঁদাবাজি ও ক্ষমতার দাপট ছেড়ে সততা বজায় রাখার আহ্বান জানান তিনি।
সমাবেশে নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির ঢাকা বিভাগের সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেন, বিএনপি রাজপথে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।
আওয়ামী লীগ নেতারা পালিয়ে গিয়ে এখন ২০৪০ সালের আসার গল্প বলছে এবং ক্রেডিট নেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেন তিনি।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক ও নাসিকের প্রশাসক সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম।
মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন জাকির হোসেন, সরকার হুমায়ুন কবির, ফতেহ মোহাম্মদ রেজা রিপন ও মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল।


