কেন্দ্রীয় কমিটি পুনর্গঠনের রূপরেখা চূড়ান্ত, শিগগিরই ঘোষণা: এনসিপি

কেন্দ্রীয় কমিটি পুনর্গঠনের রূপরেখা চূড়ান্ত, শিগগিরই ঘোষণা: এনসিপি
Advertisement
Advertisement

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদসহ কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন ও দায়িত্ব বণ্টনের রূপরেখা চূড়ান্ত করা হয়েছে। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছে দলটি।

সোমবার রাজনৈতিক পর্ষদের বৈঠকে দলটির সাংগঠনিক কাঠামো পুনর্গঠন, দায়িত্ব বণ্টন, স্থানীয় সরকার এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বলে বৈঠক সূত্রে জানা গেছে।

বৈঠক সূত্র জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দেশব্যাপী নৈরাজ্য ও দখলবাজির ঘটনায় নেতারা গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন। এসব পরিস্থিতির প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়েছে। কর্মসূচির ধরন ও সময়সূচি পরে জানানো হবে।

গণভোটের গণরায় অগ্রাহ্য করে সংবিধান সংশোধন কমিটি গঠনের বিষয়েও বৈঠকে আলোচনা হয়। এনসিপির নেতারা মনে করেন, এ ধরনের কমিটি গঠনের মাধ্যমে সরকার জাতির সঙ্গে প্রতারণা করেছে এবং বিরোধী দলগুলোর সঙ্গে সম্পর্কের ফাটল তৈরি করেছে। বৈঠকে কমিটিকে ‘একদলীয়’ আখ্যা দিয়ে এর গণবৈধতা নিয়েও প্রশ্ন তোলা হয়। এ সিদ্ধান্তের দায় সরকারকে নিতে হবে বলেও আলোচনা হয়।

স্থানীয় সরকার নিয়ে দলের কৌশল নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। একই সঙ্গে সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত করার বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন

বৈঠক সূত্র জানায়, দেশের সব জেলায় জেলা কমিটি গঠন সম্পন্ন হয়েছে। আগামী অক্টোবরের মধ্যে সব উপজেলা কমিটি গঠনের পরিকল্পনা রয়েছে দলের। পাশাপাশি বিভাগীয় ও জেলা পর্যায়ে রাজনৈতিক কর্মশালা আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। সারজিস আলম, সারোয়ার তুষার, আলী আহসান জুনায়েদ ও সালেহ উদ্দিন সিফাতকে এসব কর্মশালার দায়িত্ব দেওয়া হয়েছে।

দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য ২৩ সদস্যের একটি সাংগঠনিক উপকমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। সারজিস আলমকে এই উপকমিটির প্রধান করা হবে।

রাজনৈতিক পর্ষদ থেকে দুজন উপপ্রধান থাকবেন। প্রতিটি বিভাগে একজন করে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদক রাখার পরিকল্পনা করা হয়েছে।

রাজনৈতিক পর্ষদের বৈঠকে নাহিদ ইসলাম, আখতার হোসেন, সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, নাসীরউদ্দীন পাটোয়ারী, আসিফ মাহমুদ, আব্দুল্লাহ আলামিন, আতিক মুজাহিদ, সারোয়ার তুষার, আরিফ আদীব, মাহমুদা মিতু, নুসরাত তাবাসসুম, সালেহউদ্দিন সিফাত ও আকরাম হোসাইন সিএফ উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad