খুলনা নগরীর একটি হোটেল কক্ষ থেকে সোহেল রানা ওরফে বাবু নামের এক যুবককের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার ভোর সাড়ে ৪টার দিকে সদর থানার খানজাহান আলী রোডের কপোতাক্ষ আবাসিক হোটেলের দ্বিতীয় তলার ১০ নম্বর কক্ষ থেকে মরদেটি উদ্ধার করা হয়। এ ঘটনায় তার কথিত স্ত্রী ফাতেমাকে হেফাজতে নিয়েছে পুলিশ।
নিহত যুবক লবণচরা থানার হরিণটানা অটোস্ট্যান্ড রোডের লোকমান ফকিরের ছেলে।
পুলিশ জানায়, শনিবার সন্ধ্যা ৭টার দিকে বাবু ও ফাতেমা স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে হোটেলে অবস্থান করেন। তাদের উভয়ের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে বাবুকে শ্বাসরোধ করে হত্যা করেন ফাতেমা।
পরে বিষয়টি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থল থেকে বাবুর মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় এবং ফাতেমাকে থানা হেফাজতে নেয়।
ফাতেমার স্বীকারোক্তির বরাতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন রিপন বলেন, ‘বাবুর আগে একজন স্ত্রী রয়েছে। তিনি ঢাকায় থাকেন। তার সঙ্গে কোনো যোগাযোগ নেই। ফাতেমার সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক। বিয়ে করার জন্য তিনি চাপ দিতে থাকেন। রোববার রাতে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ওড়না গলায় পেচিয়ে বাবুকে শ্বাসরোধে হত্যা করেন।’
প্রয়োজনীয় আইনি ব্যবস্থা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান ওসি।


