জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং কর্মক্ষেত্রে নিরাপদ ও মর্যাদাপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা পদক্ষেপ।
মঙ্গলবার পদক্ষেপের প্রধান কার্যালয়ে ‘জানব, জানাব, সহিংসতা থামাব’ শীর্ষক এ অনুষ্ঠানে প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা সরাসরি ও অনলাইনে অংশ নেন।
অনুষ্ঠানে জেন্ডারভিত্তিক সহিংসতা, সাইবার বুলিং, সাইবার হয়রানি এবং নিরাপদ অভিভাবকত্ব বিষয়ে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। সহিংসতার বিভিন্ন ধরন ও পূর্বলক্ষণ চিহ্নিত করা, প্রচলিত ভ্রান্ত ধারণা মোকাবিলা এবং কর্মক্ষেত্র ও অনলাইন পরিসরে সম্ভাব্য ঝুঁকি শনাক্ত ও মোকাবিলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
এ ছাড়া সহিংসতার শিকার ব্যক্তিদের আইনি অধিকার, সুরক্ষা ও প্রয়োজনীয় সহায়তা পাওয়ার উপায় এবং দায়িত্বশীল অভিভাবকত্বের গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পদক্ষেপের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট এবিএম সিদ্দীক। তিনি বলেন, ‘সহিংসতা প্রতিরোধের প্রথম ধাপ হলো এর ধরন ও পূর্বলক্ষণ সম্পর্কে জানা।’
প্রয়োজনের সময় সঠিক জায়গায় জানানো এবং সহিংসতার শিকার ব্যক্তির পাশে দাঁড়ানোর মাধ্যমে নিরাপদ পরিবেশ তৈরিতে কার্যকর ভূমিকা রাখা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।
পদক্ষেপের মাইক্রোফাইন্যান্স অপারেশন বিভাগের যুগ্ম পরিচালক ও হেড অব সেফগার্ডিং সজীব হাসনাত অনুষ্ঠানে সেফগার্ডিং ও জেন্ডারভিত্তিক সহিংসতার বিভিন্ন দিক তুলে ধরেন। সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করা এবং কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ তৈরিতে প্রত্যেকের দায়িত্বশীল ভূমিকার ওপর তিনি গুরুত্ব দেন।
অনুষ্ঠানের বিশেষ আলোচক ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগ) মোছা. লিজা বেগম সহিংসতার শিকার ব্যক্তিদের আইনি অধিকার, সুরক্ষা এবং অভিযোগ জানানোর পদ্ধতি নিয়ে আলোচনা করেন।
তিনি প্রয়োজনের সময় নীরব না থেকে যথাযথ কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানোর এবং প্রয়োজন অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেওয়ার ওপর গুরুত্ব দেন।
এ সময় তিনি ৯৯৯ ও ১০৯-সহ প্রয়োজনীয় সহায়তা ও সেবা পাওয়ার উপায় সম্পর্কেও অংশগ্রহণকারীদের অবহিত করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পদক্ষেপের ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন্স বিভাগের যুগ্ম পরিচালক উম্মে সুমাইয়া মতিয়াতুর রাসুল।


