ঢাকার ফার্মগেটের তেজগাঁও কলেজ মসজিদ থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ১২ আসামির মধ্যে পাঁচজনকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল এ আদেশ দেন।
কারাগারে পাঠানো পাঁচজন হলেন শিহাব উদ্দিন (৩২), মারজুক আহমেদ (২৬), সাইফুর রহমান খান (৩২), রাম্মি মিয়া (২৯) ও কামিছুল ইসলাম (৩৬)।
রিমান্ডে থাকা অপর সাতজন হলেন সাজ্জাদ হোসেন (২২), আফিফ আহমেদ (২০), মোহাইমিনুল হক (২৭), জাওজি চৌধুরী (১৯), শাহাদাত হোসেন (২৫), সাকিব আহমেদ (২৬) ও জুনায়েদ আহমেদ (২১)।
সিটিটিসির পরিদর্শক আখতার মোর্শেদ আসামিদের আদালতে হাজির করেন। শেরেবাংলা নগর থানার জিডির সূত্রে ৫৪ ধারায় তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন তিনি। আবেদনে বলা হয়, রিমান্ডে নিয়ে আসামিদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
আদালত সূত্র জানায়, এর আগে ১২ আসামিকে তিন দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেওয়া হয়। রিমান্ড শেষে মঙ্গলবার পাঁচজনকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করে ডিবি পুলিশ। শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। তাদের পক্ষে কোনো জামিন আবেদন করা হয়নি।
পুলিশের আবেদনে বলা হয়, কামিছুল ইসলাম ছাড়া বাকি চারজন ‘দ্বীনি কমিউনিটি সিলেট বিভাগ’, ‘দ্বীনি কমিউনিটি ঢাকা জেলা’, ‘এসো জামায়াতবদ্ধ হই’ ও ‘ইত্তেহাদুল উম্মাহ’ নামে বিভিন্ন মিটআপ গ্রুপের অ্যাডমিন ও সদস্য। এসব সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক গ্রুপ ব্যবহার করে একই মতাদর্শের সদস্য সংগ্রহ ও ধর্মীয় উগ্রবাদ ছড়ানোর সঙ্গে তারা জড়িত কি না, তা তদন্ত করা হচ্ছে।
প্রসিকিউশন বিভাগের এসআই শফিকুল ইসলাম বলেন, ‘জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ১২ জনকে আদালত তিন দিনের রিমান্ড দেন। রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে পাঁচজনকে আজ আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।’
পুলিশ জানায়, আসামিদের মোবাইল ফোন ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়া গেলে তদন্তে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।
এর আগে ১৮ সেপ্টেম্বর ফার্মগেটের তেজগাঁও কলেজ মসজিদ থেকে জঙ্গি সন্দেহে ১২ জনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। পরদিন আদালত তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।


