রাজধানীর তুরাগে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার মামলায় অভিযুক্ত বাবা কবিরের বিরুদ্ধে আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।
শুক্রবার মামলার এজাহার আদালতে পৌঁছালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামান তা গ্রহণ করে প্রতিবেদন জমার নির্দেশ দেন। প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শিশু রাফা মনি কবিতাকে আছড়ে হত্যার ঘটনায় তার নানি সারমীন আক্তার শুক্রবার তুরাগ থানায় কবিরকে আসামি করে একটি হত্যা মামলা করেন। মামলার পরপরই অভিযুক্ত কবিরকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান ফয়সাল।
মামলার এজাহার অনুযায়ী, দুই বছর আগে রিকশাচালক কবিরের সঙ্গে লিমা আক্তারের বিয়ে হয়। তাদের একমাত্র সন্তান রাফা মনি। কবির দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং মাদক সেবন করে প্রায়ই স্ত্রীকে অকারণে মারধর ও গালিগালাজ করতেন।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে তুরাগের বালুরমাঠ হারুন মোল্লার বস্তির বাসায় পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা ও ঝগড়া হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে কবির শিশু রাফাকে তার নানির কোল থেকে ছিনিয়ে নিয়ে রাস্তায় আছড়ে ফেলেন। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


