সংবেদনশীল ও গোপনীয় তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের দাপ্তরিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুল ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।
এক্ষেত্রে প্রচলিত আইন, বিধি-বিধান ও সরকারি নির্দেশনা যথাযথভাবে অনুসরণেরও আহ্বান জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
গত ২৮ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগের ই-গভর্নেন্স-২ শাখা থেকে জারি করা এ-সংক্রান্ত একটি চিঠি সব সিনিয়র সচিব ও সচিবের কাছে পাঠানো হয়েছে।
সরকারি বিভিন্ন দাপ্তরিক কাজে এআই টুলে ব্যবহার বাড়ছে জানিয়ে চিঠিতে বলা হয়, এতে কাজের গতি, দক্ষতা ও উৎপাদনশীলতা বাড়লেও অসতর্ক ব্যবহারে সরকারি সংবেদনশীল ও গোপনীয় তথ্য তৃতীয় পক্ষের কাছে চলে যাওয়ার ঝুঁকি রয়েছে।
এ প্রেক্ষাপটে এআই টুল ব্যবহারের সময় সরকারি তথ্যের নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার অনুরোধ জানানো হয়েছে।


