ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চূড়ান্ত করতে রোববার বৈঠকে বসছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)।
রোববার সকাল সাড়ে ১০টায় নির্বাচন ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে চার নির্বাচন কমিশনার এবং ইসি সচিব উপস্থিত থাকবেন। এতে ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানোসহ মনোনয়নপত্র জমা, বাছাই, প্রত্যাহারের শেষ সময় ও ভোটের তারিখ চূড়ান্ত করা হবে।
এ ছাড়া, ভোটের কাজের সার্বিক বিষয়ে অগ্রগতির পাশাপাশি পোস্টাল ভোটিংয়ের ব্যালট পেপার আনা-নেওয়ার সময়ও চূড়ান্ত হবে এই বৈঠকে।
ইসির কর্মকতারা জানান, রোববারের বৈঠকে তফসিল চূড়ান্ত করা হবে এবং ভোটের দিনক্ষণ চূড়ান্ত করা হবে।
প্রথা অনুযায়ী, বৈঠকের সিদ্ধান্তের পর রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবে ইসি। ১০ ডিসেম্বর সাক্ষাৎ করার পর ১১ ডিসেম্বর তফসিল ঘোষণার করতে পারে ইসি।
এদিকে, তফসিলের বিষয়ে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার গণমাধ্যমকে বলেছেন, রোববারের কমিশন সভায় তফসিলের সময়সূচি নিয়ে সিদ্ধান্ত হবে। এরপর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে তফসিল চূড়ান্ত করা হবে।
নির্বাচন কমিশন সূত্র জানায়, আজকের দশম কমিশন সভায় তফসিল ছাড়াও আরও ১০টি বিষয় নিয়ে আলোচনা হবে।
এর মধ্যে রয়েছে তফসিলের আগের ও পরের কার্যক্রম, গণভোট আয়োজনসহ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতির সর্বশেষ অবস্থা; মাঠ পর্যায়ে সর্বোচ্চ যোগাযোগ, মতবিনিময় ও সমন্বয় সংক্রান্ত বিষয়; রাজনৈতিক দলের নিবন্ধন; জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদন পদ্ধতি পর্যালোচনা; ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠানে কেন্দ্র ব্যবস্থাপনা এবং ২৯ নভেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত মক ভোট থেকে প্রাপ্ত অভিজ্ঞতা মাঠ পর্যায়ের সুপারিশের আলোকে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়াসহ ১০টি বিষয়।


