কক্সবাজারের মহেশখালীতে গহীন পাহাড়ে এক বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও অস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ কুখ্যাত সন্ত্রাসী মিন্টু বাহিনীর প্রধান ইমাম হোসেন মিন্টুকে (৩৮) আটক করেছে কোস্ট গার্ড।
শুক্রবার বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
কোস্ট গার্ড জানিয়েছে, এদিন সকাল ৬টায় কোস্ট গার্ডের শাহপরী, টেকনাফ, বাহারছড়া, ইনানী, কক্সবাজার ও মহেশখালী স্টেশনের সমন্বয়ে মহেশখালী থানার হোয়ানকের কেরুনতলী সংলগ্ন গহীন পাহাড়ে অভিযান চালানো হয়।
অভিযানে পাঁচটি দেশীয় একনলা বন্দুক, নয়টি দেশীয় পিস্তল, একটি বিদেশি পিস্তলের ম্যাগাজিন, ২০ রাউন্ড তাজা গোলা, ১২ রাউন্ড তাজা কার্তুজ, চার রাউন্ড ফাঁকা কার্তুজ, একটি দেশীয় অস্ত্র, তিন লিটার দেশীয় মদ এবং আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ মিন্টু বাহিনীর প্রধান মিন্টুকে আটক করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা বলেন, চক্রটি গহীন পাহাড়ে অবৈধভাবে আগ্নেয়াস্ত্র তৈরি করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করত। অবৈধ আগ্নেয়াস্ত্র বিক্রির পাশাপাশি এরা জলদস্যুতা, পর্যটকদের ওপর হামলা, ডাকাতিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে আসছিল। আটক মিন্টুর বিরুদ্ধে ১৫টি ফৌজদারি মামলা রয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও জানান, সুন্দরবনে জলদস্যু ও বনদস্যু দমনে অর্জিত সফলতার ধারাবাহিকতায় মহেশখালীসহ দেশের অন্যান্য উপকূলীয় অঞ্চলেও জলদস্যুতা, সন্ত্রাস, ডাকাতি ও অবৈধ অস্ত্র তৈরি নির্মূলে কোস্ট গার্ডের গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


