দুই ম্যাচে আগেই আগামী নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত করা বাংলাদেশ রোববার নেমেছিল বাছাইপর্বের শেষ ম্যাচে। নেপালের মুলপানিতে নেদারল্যান্ডসের দেয়া ১০৩ রানের লক্ষ্য অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ফিফটিতে ২০ বল হাতে রেখে টপকে গেল বাংলাদেশ। ৭ উইকেটের এই জয়ে অপরাজিত থেকেই টুর্নামেন্ট শেষ করলেন বাংলাদেশের নারী ক্রিকেটাররা।
ছোট লক্ষ্য তাড়ায় নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশেরও। ৬ রানের মধ্যে ফেরেন দুই ওপেনার দিলারা ও জুয়াইরিয়া। এরপর সুপ্তার সাথে ৪২ রানের জুটি হয় জ্যোতির। জুটি এর বেশি বড় না হলেও ম্যাচের নিয়ন্ত্রণ ঠিকই এনে দিয়েছে। সুপ্তার বিদায়ের পর জ্যোতির সাথে ৫৭ রানের জুটি হয় ছন্দে থাকা সোবহানা মোস্তারির। সাতটি চারে টানা দ্বিতীয় ফিফটি পেয়েছেন জ্যোতি, ৪৪ বলে করেছেন ৫০*। সোবহানার ব্যাট থেকে পাঁচটি চার ও এক ছক্কায় এসেছে ২৩ বলে ৩৩।
এর আগে টসে জিতে নেদারল্যান্ডসকে ব্যাটিংয়ে পাঠিয়ে নাহিদা আক্তারের স্পিন জাদুর সাথে মারুফার দারুণ বোলিংয়ে ২৩ রানের মধ্যেই প্রথম পাঁচ উইকেট তুলে নেয় বাংলাদেশ। ডাচ নারীদের প্রথম চার ব্যাটারের সকলেই ফিরেছেন সিংগেল ডিজিটে। শেষ দিকে রবিন রিজকের ৩৯ ও সান্য খুরানার ৪৩ রানের ইনিংসে শতরানের ঘর পেরোয় নেদারল্যান্ডস। ৪ ওভার বল করে ১০ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন বাঁহাতি স্পিনার নাহিদা।


