‘নির্বাচন আসলেই কিছু বিদেশি নাগরিক অতিথি পাখির মতো বাংলাদেশে এসে নির্বাচন করে আর নির্বাচন শেষেই আবার বিদেশে উড়াল দেয়’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
তিনি বলেন, ‘শীতকালে যেমন চীন, রাশিয়াসহ সাইবেরিয়া থেকে অতিথি পাখি বাংলাদেশে আসে, ঠিক তেমনি একটি দল মুখে জাতীয়তাবাদের কথা বললেও বিদেশি নাগরিকদের প্রার্থী করেছে।’
রোববার সিরাজগঞ্জ-৬ আসনের শাহজাদপুর বিসিক বাসস্ট্যান্ডে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আসিফ মাহমুদ।
এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির এই চেয়ারম্যান স্থানীয় জনগণের উদ্দেশে বলেন, ‘আমরা সুশাসন, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে এসেছি। সিরাজগঞ্জের শাহজাদপুর বাংলাদেশের একটি ঐতিহাসিক অঞ্চল। আপনাদের তাঁতশিল্প ব্রিটিশ ভারত আমলেও খ্যাতি অর্জন করেছে। কিন্তু বুর্জোয়া শাসনের ফলে আপনারা এর সুফল পান নাই। মধ্যস্বত্বভোগীরা আপনাদের পরিশ্রমের ফসল ভোগ করে।’
এ সময় নতুন বাংলাদেশে যার পরিশ্রম তাকেই এর মূল্য পাওয়ার ব্যবস্থা করা হবে বলে প্রতিশ্রুতি দেন তিনি। সেইসঙ্গে দুর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত, দখলবাজ ও সুশাসন নিশ্চিত করতে শাপলা কলিতে ভোট দেওয়ার আহ্বান জানান এই এনসিপি নেতা।
আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, ‘আমরা সেনাবাহিনীর সদস্যদের বর্তমানের চেয়ে দ্বিগুণ প্রশিক্ষণের ব্যবস্থা করব। আধিপত্যবাদীরা ফেলানীকে শহীদ করে কাঁটাতারে ঝুলিয়ে রেখে দিয়েছিল। কিন্তু এই আগ্রাসনের বিরুদ্ধে একটি বড়দল কি করবে তার বিষয়ে কোন বক্তব্য দেয়নি। দেশের মানুষ এখন আর ব্যক্তিগতভাবে কি পাবে সে হিসাব করে না বরং সবাই মিলে কি পাবে সেই হিসাব করে।’
‘আমরা এমন প্রার্থীদের ভোট দিব যারা আমাদের সুখে-দুঃখে আমাদের পাশে থাকবে। কোন বিদেশি নাগরিক ও ঋণ খেলাফিদের ভোট দিয়ে সংসদে পাঠাব না। যারা নির্বাচনে না জিতলে অতিথি পাখির মতো বিদেশে চলে যাবে’, যোগ করেন তিনি।
পথসভায় জুলাই সনদ সংক্রান্ত গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে অন্তর্বর্তী সরকারের এই সাবেক উপদেষ্টা বলেন, ‘আপনাদের অবশ্যই হ্যাঁ ভোটকে বিজয়ী করতে হবে। আপনারা যদি চান শেখ হাসিনার মতো আর কোন আধিপত্যের দোসর বাংলাদেশে না আসুক, ফ্যাসিস্ট শাসক না আসুক তাহলে হ্যাঁ ভোটকে বিজয়ী করতে হবে।’
‘আমরা দেখেছি একটি দলের নেতা মাইকের সামনে হ্যাঁ ভোটের পক্ষে কথা বলছে। অন্যদিকে তাদের নেতাকর্মীরা মাঠে ময়দানে না ভোটের পক্ষে প্রচার চালাচ্ছে। ওই দলের নেতাকর্মীরা হ্যাঁ ভোট চাইলে তাদের নেতাদের সঙ্গে সুর মিলিয়ে বলবেন গুপ্ত গুপ্ত। তাদের নেতারা অন্য দলকে মুনাফেক বলে। আমরা তাদের মুনাফেক বলতে চাই না। আশা করছি তারা মুনাফেকি করবে না।’
পথসভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব ও সিরাজগঞ্জ-৬ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী এস এম সাইফ মোস্তাফিজ, এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মনিরা শারমিন, এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার, জাতীয় যুবশক্তির আহ্বায়ক এডভোকেট তারিকুল ইসলাম, শাহজাদপুর উপজেলা জামায়াতের আমির মিজানুর রহমান, এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাতসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


