দেশে গত ২৪ ঘণ্টায় আরও চারজন সন্দেহজনক হাম রোগীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুজন ঢাকা এবং দুজন সিলেট বিভাগের।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ওই চারজনের মৃত্যু হয়েছে।
এই সময়ে সারা দেশে নতুন করে আরও ১ হাজার ১৭০ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এই সময়ের মধ্যে নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়েছেন ১১৫ জন।
প্রতিবেদনে জানানো হয়েছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ হাজার ৩০১ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়েছেন ৫ হাজার ১৪৬ জন।
বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, গত দেড় মাসে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬ হাজার ১০০ জন, যার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২২ হাজার ৬৫০ জন। সামগ্রিকভাবে এই সময়ের মধ্যে সন্দেহজনক হামে ২৩১ জন এবং নিশ্চিত হামে ৪৯ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।
বিভাগওয়ারী বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ৪৯৭ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে। অন্যান্য বিভাগের মধ্যে রাজশাহীতে ১৮০ জন, চট্টগ্রামে ১৬৪ জন এবং বরিশালে ১৩২ জন নতুন সন্দেহজনক রোগী পাওয়া গেছে। মৃত্যুহার বিবেচনায় ঢাকা বিভাগ সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে, যেখানে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামে ১০৬ জনের মৃত্যু হয়েছে। মোট নিশ্চিত মৃত্যু এই বিভাগে ৩২ জন।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে জাতীয় হাম-রুবেলা টিকাদান কর্মসূচি ২০২৬ চলমান রয়েছে। ৫ এপ্রিল থেকে শুরু হওয়া এই কর্মসূচির আওতায় বিভাগীয় পর্যায়ে এ পর্যন্ত মোট লক্ষ্যমাত্রার ১০০% কাভারেজ অর্জিত হয়েছে, যেখানে মোট ১ কোটি ৩৫ লাখের বেশি শিশুকে টিকা দেওয়া হয়েছে। সিটি করপোরেশন এলাকাগুলোতেও টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে, যার বর্তমান কাভারেজ ১০৪%।


