টাঙ্গাইলের কালিহাতীতে মাইক্রোবাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে সিএনজিতে থাকা এক যাত্রী আগুনে পুড়ে মারা গেছেন।
এখন পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি।
মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে টাঙ্গাইল-তারাকান্দি সড়কের উপজেলার নগরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আহত সিএনজি চালক শান্তকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, একজন যাত্রী নিয়ে টাঙ্গাইল থেকে ছেড়ে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা ভূঞাপুরের দিকে যাচ্ছিল। বেলা সাড়ে ১১ টার দিকে সেটি কালিহাতী উপজেলার নগরবাড়ি এলাকায় পৌঁছলে একটি মাইক্রোবাস সেটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়।
চালক শান্ত বাইরে বের হতে পারলেও ভেতরে থাকা এক যাত্রী আগুনে পুড়ে মারা যান। খবর পেয়ে ভূঞাপুর ও এলেঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ভূঞাপুর ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মো. স্বপন আলী বলেন, ‘আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। আগুনে অটোরিকশাটি সম্পূর্ণ পুড়ে গেছে।’
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাইক্রোবাসের ধাক্কার পরপরই সিলিন্ডার বিস্ফোরণে আগুন ছড়িয়ে পড়ে।


