বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট সব পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার দিনগত রাত ১২টার দিকে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি, পরীক্ষার্থীদের শারীরিক ও মানসিক অবস্থা, সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা এবং ক্ষতিগ্রস্ত সড়কের কারণে পরীক্ষাকেন্দ্রে যাতায়াতের সমস্যার বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ সিদ্ধান্তের ফলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন এইচএসসি পরীক্ষা, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষা এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার অবশিষ্ট সব বিষয় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। সংশোধিত পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে।
তবে দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। একই সঙ্গে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চট্টগ্রাম বোর্ডের অধীন পাঁচ জেলা ছাড়া অন্য সব জেলার পরীক্ষাও যথারীতি চলবে।
এর আগে বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম বোর্ডের অধীন পাঁচ জেলার পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত ছিল।


