‘আর রাস্তায় নয়, দেশের সব রাজনৈতিক কর্মকাণ্ড সংসদ কেন্দ্রিক হতে হবে’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যে নতুন পার্লামেন্ট গঠিত হবে, সেই পার্লামেন্টারি ব্যবস্থাকে শক্তিশালী করতেই সব রাজনৈতিক দলকে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে।’
শনিবার রাজধানীর গ্রিন রোডে পানি ভবনের মাল্টিপারপাস হলে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
অনুষ্ঠানে মঞ্জুরুল ইসলাম মঞ্জুকে সভাপতি ও হুমায়ুন কবিরকে সাধারণ সম্পাদক করে নতুন নেতৃত্বের ঘোষণা দেন নির্বাচন কমিশনার আনোয়ার হোসাইন।
মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ গত ১৫ বছরে যে গার্বেজ তৈরি করেছে, তা এক বছরের মধ্যে পরিষ্কার করা সম্ভব নয়। আমাদের রাজনৈতিক সংস্কৃতিকে সংসদ কেন্দ্রিক করতে হবে, নইলে পার্লামেন্টারি ডেমোক্রেসি কার্যকর হবে না।’
তিনি আরও বলেন, ‘পৃথিবীর যেসব দেশে সংসদীয় গণতন্ত্র সফল, সেখানে সংসদই রাজনীতির কেন্দ্রবিন্দু।’
‘আর কতদিন রাস্তায়? ৫০ বছর ধরে আমরা রাস্তায় আন্দোলন করছি। এখন রাজনীতির কেন্দ্র হতে হবে সংসদ,’ বলেন বিএনপি মহাসচিব। তিনি মনে করেন জুলাই সনদ সেই রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার ভিত্তি তৈরি করেছে।
তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলোর ভিন্নতা থাকতেই পারে, কিন্তু নির্বাচনকে অর্থবহ করতে হলে সবাইকে অংশগ্রহণের পরিবেশ তৈরিতে এগিয়ে আসতে হবে।’
সংসদ ভবনের সামনে শুক্রবারের সংঘর্ষ প্রসঙ্গে তিনি বলেন, ‘এ ধরনের সহিংসতা গণতন্ত্রকে সাহায্য করে না। পুলিশের সঙ্গে ছাত্রদের সংঘর্ষ একটি দুর্ভাগ্যজনক ঘটনা।’
অন্তবর্তী সরকারের কর্মকাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘যতই সমালোচনা হোক, এক বছরের মধ্যে সব জঞ্জাল দূর করা সম্ভব নয়।’
তিনি বলেন, ‘শুক্রবার কালকে ছেলেরা একটা গ্রুপ তারা এখানে (সংসদ ভবনের অনুষ্ঠানের সামনে) এসে বসে যায়। তারপরে একটা আনফরচুনেট ঘটনা ঘটে। পুলিশ এবং ছাত্রদের মধ্যে একটা আপনার বলা যেতে পারে যে একটা ভায়লেন্সের ঘটনা ঘটেছে। এই সময়ে এই ধরনের ঘটনাগুলো গণতন্ত্রকে সাহায্য করবে না। আমার মনে হয় যে সকলের দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত। কারণ, এটা কি অন্তবর্তী সরকার। এই সরকার এখন পর্যন্ত যতগুলো কাজ করছে তারা ভালো কাজ করার চেষ্টা করেছে। আমরা যে যতই বলি, এক বছরের মধ্যে সমস্ত জঞ্জালগুলো শেষ করে ফেলা সম্ভব নয়।’
পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক দলের দাবি-দাওয়ার প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, গণতান্ত্রিক সংসদ প্রতিষ্ঠিত হলে শ্রমিক শ্রেণির অধিকার ও স্বীকৃতি সংসদেই প্রতিষ্ঠিত হবে।
পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক দলের দাবি-দাওয়ার প্রতি নিজের এবং তার দলের সমর্থনের কথাও ব্যক্ত করেন বিএনপি মহাসচিব।
পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারি ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখন শ্রমিক দলের প্রধান সমন্বয়কারী শামছুর রহমান শিমুল বিশ্বাস, শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমদ, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাসিম, পানি উন্নয়ন বোর্ডের মোস্তফা খান, আইয়ুব আলী, আবু সালেহ মো. তোফায়েল চৌধুরী, ফরিদ উদ্দিন খান, মাহমুদুল করীম, মাহবুবুল হক রিপন, বিদ্যু শ্রমিক ইউনিয়নের আবুল কালাম আজাদ, ঢাকা মহানগর দক্ষিন শ্রমিক দলের সুমন ভূঁইয়া ও উত্তরের কামরুজ্জামান প্রমুখ।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শ্রমিক দলের প্রধান সমন্বয়কারী শামছুর রহমান শিমুল বিশ্বাস, শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমদসহ শ্রমিক নেতারা।


