সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের জলদস্যুদের তথ্য প্রদানকারীদের জন্য নাম পরিচয় গোপন রেখে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন সাতক্ষীরার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মনিরুল ইসলাম।
বৃহস্পতিবার বিকালে গাবুরা ইউনিয়ন পরিষদের হল রুমে অনুষ্ঠিত বিট পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
এ সময় তিনি অনলাইন জুয়াড়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, এলাকার কোন কোন শিক্ষক স্কুলে আসেন না এবং কোন কোন শিক্ষার্থী স্কুলে যায় না, তাদের তালিকা তৈরির নির্দেশও দেন।
সভায় আরও উপস্থিত ছিলেন দেবহাটা সার্কেলের সহকারী পুলিশ সুপার হাফিজুর রহমান, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির মোল্লা, গাবুরা ইউপি চেয়ারম্যান জি এম মাসুদুল আলম, সাবেক চেয়ারম্যান ইসহাক আলী প্রমুখ।
এর আগে সভায় এলাকাবাসী অনলাইন জুয়ার এজেন্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, সুন্দরবনকে জলদস্যু মুক্ত করা, মাদক ব্যবসায়ী ও মাদকাসক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং এলাকার বিদ্যালয়ের মাঠগুলি মুক্ত করার দাবি জানান।
অনুষ্ঠানটি পরিচালনা করেন গাবুরা ইউনিয়ন বিট অফিসার অভীক বড়াল।


