২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় সাতক্ষীরা কারাগার থেকে পালিয়ে যাওয়া দুই সাজাপ্রাপ্ত আসামিকে প্রায় দুই বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মঙ্গলবার রাতে শ্যামনগর উপজেলার দুটি আলাদা স্থানে অভিযান চালিয়ে ওই পলাতক আসামিদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- শ্যামনগর উপজেলার শ্রীফলকাটি গ্রামের মোজাম গাজী (৪৯) এবং নওয়াবেঁকী গ্রামের রফিকুল ইসলাম গাজী (৩৮)।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ঈশ্বরীপুর ইউনিয়নের শ্রীফলকাটি এলাকা থেকে মোজাম গাজীকে এবং রাত সাড়ে ১০টার দিকে আটুলিয়া ইউনিয়নের নওয়াবেঁকী এলাকা থেকে রফিকুল ইসলাম গাজীকে গ্রেপ্তার করা হয়।
মোজাম গাজী চেক ডিজঅনারের একটি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত এবং রফিকুল ইসলাম অপর একটি চেক ডিজঅনার মামলায় ১০ মাসের কারাদণ্ড ও ৯ লাখ ৮০ হাজার টাকা জরিমানাপ্রাপ্ত আসামি।
পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের দিন সাতক্ষীরা কারাগারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। সে সময় সুযোগ বুঝে কারাগার থেকে পালিয়ে যান মোজাম ও রফিকুল। এরপর থেকে তারা নিজ এলাকায় ফিরে আত্মগোপনে ছিলেন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পলাতক ওই দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। কারাগার থেকে পালানো অন্য আসামিদের ধরতেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের পর সাতক্ষীরা কারাগারে হামলা ও ভাঙচুরের পর মোট ৮৭ জন বন্দী পালিয়ে যান। এ ঘটনায় ওই বছরের ১৫ আগস্ট একটি মামলা হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ৪৬ জন গ্রেপ্তার হলেও ৪১ জন আসামি পলাতক ছিলেন। সবশেষ মঙ্গলবার রাতে এই দুজনকে গ্রেপ্তারের পর এখনও আরও ৩৯ আসামি পলাতক রয়েছেন।


