মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় আবুল কাশেম (৩৫) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার সকালে ভবেরচর এলাকার কলেজ রোড-সংলগ্ন ইউটার্নে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল কাশেম গজারিয়া উপজেলার জৈষ্ঠ্যতলা গ্রামের মৃত আলী আহমদের ছেলে। তিনি ভিটিকান্দি এলাকার জেএমআই ইন্ডাস্ট্রিতে কর্মরত ছিলেন।
নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো সকালে বাইসাইকেলে কর্মস্থল জেএমআই ইন্ডাস্ট্রির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন আবুল কাশেম। সকাল পৌনে ৮টার দিকে ভবেরচর কলেজ রোড-সংলগ্ন ইউটার্ন এলাকায় পৌঁছালে ঢাকাগামী লেনে একটি কাভার্ডভ্যান তার বাইসাইকেলকে ধাক্কা দেয়।
এতে তিনি বাইসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভবেরচর হাইওয়ে থানার ওসি শাহ কামাল আখন্দ বলেন, নিহতের মরদেহ গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
এদিকে মঙ্গলবার দুপুরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকায় পৃথক এক সড়ক দুর্ঘটনায় ১০ বাসযাত্রী আহত হয়েছেন।


