ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর পেরিয়েছে ১০ দিন। এই ১০ দিনে বদলেছে মধ্যপ্রাচ্যের মানুষের জীবনের সমীকরণ।
স্বাভাবিকভাবেই হামলার পাল্টা জবাব দিচ্ছে ইরান। আর সেই জবাবের জেরে ক্ষেপনাস্ত্র গিয়ে পড়ছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশে বা যেসব দেশে রয়েছে মার্কিন ঘাঁটি।
দুই পক্ষের এই পাল্টাপাল্টি হামলায় প্রাণ যাচ্ছে বহু বেসামরিক মানুষের।
সংবাদমাধ্যম আল জাজিরা এই মৃত্যুর পরিসংখ্যান দিতে একটি লাইভ ট্র্যাকার তৈরি করেছে।
যার হিসাব অনুযায়ী, হামলা শুরুর পর থেকে সোমবার বাংলাদেশ সময় বিকাল ৩টা পর্যন্ত ১০ দিনে অন্তত ১ হাজার ৭০০ জন নিহত হয়েছেন। যার অধিকাংশই বেসামরিক নাগরিক আর শিশু।
![]()
লাইভ ট্র্যাকারের তথ্য অনুযায়ী, লেবাননে নিহত হয়েছে ৩৯৪ জন, ইরাকে ছয়জন, ইরানে ১ হাজার ২৫৫ জন, ইসরায়েলে ১৩ জন, কুয়েতে ৬ জন, বাহরাইনে একজন, সংযুক্ত আরব আমিরাতে চারজন, সৌদি আরবে দুইজন এবং ওমানে একজন।
এছাড়া মার্কিন সেনাবাহিনীর অন্তত আট সদস্যের নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
সব মিলিয়ে এই যুদ্ধ গত ১০ দিনেই প্রাণ নিয়েছে ১ হাজার ৬৯০ জনের। যার মধ্যে অন্তত চারজন প্রবাসী বাংলাদেশি।
কবে নাগাদ পরিস্থিতি শান্ত হবে, যুদ্ধ কতদিন চলবে বা আদৌ শিগগিরই বন্ধ হবে কিনা; তা পুরোপুরি অনিশ্চিত।
ফলে মৃত্যুর মিছিল যে আরও লম্বা হবে; তা অনুমান করাই যায়।


