দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালিকে অপহরণের ঘটনায় জড়িতদের একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাইবার ক্রাইম ইউনিট।
গ্রেপ্তার আসামির নাম মোকলেসুর রহমান। তিনি পুলিশের একজন এএসপি। সর্বশেষ সিআইডিতে কর্মরত ছিলেন তিনি। ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে সাফাই সাক্ষ্য দিতে গিয়ে ২০১২ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণ থেকে অপহরণের শিকার হন পিরোজপুরের সুখরঞ্জন বালী।
পরে তাকে ভারতে খুঁজে পাওয়া যায়, সেখানেই একটি কারাগারে তাকে কাটাতে হয় পাঁচ বছর। পরে ২০২৫ সালের ২২ আগস্ট শেখ হাসিনা, সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহাসহ ৩২ জনকে আসামি করে অভিযোগ দাখিল করেন সুখরঞ্জন বালি।


