গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও হাইড্রোলিক ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কে সদর উপজেলার বৌলতলী এলাকার গুচ্ছ গ্রামের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, মাদারীপুর থেকে ছেড়ে আসা সোনালী পরিবহনের একটি যাত্রীবাহী বাস বৌলতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি হাইড্রোলিক ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি রাস্তার পাশে খাদে ছিটকে পড়ে এবং ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক নিহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আহতদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এর মধ্যে, গুরুতর আহত ট্রাকের হেলপার ও বাসের এক নারী যাত্রী গোপালগঞ্জ কলেজ হাসপাতালে মারা যান।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।


