নোয়াখালীর সুবর্ণচরে ব্র্যাকের একটি শাখা কার্যালয় থেকে দাউদুল ইসলাম তুষার (৩০) নামে এক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার উপজেলার কাঞ্চনবাজার শাখা কার্যালয় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত তুষার ফেনী জেলার বাসিন্দা। তিনি চার মাস ধরে ওই শাখায় নিরীক্ষক পদে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে অফিস খোলার পর চাবি আনতে গিয়ে সহকর্মীরা একটি কক্ষের ভেতর তুষারকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে চর জব্বার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ময়নাতদন্তের জন্য মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
চর জব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল হাসান বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, ময়নাতদন্তের প্রতিবেদন এলে নিশ্চিত হওয়া যাবে।


