প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ আনসার সদস্য থাকবে: উপদেষ্টা

প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ আনসার সদস্য থাকবে: উপদেষ্টা
রাজধানীর খিলগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে আনসার ওয়েলফেয়ার ট্রাস্টের ট্রান্সপোর্ট সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা
Advertisement
Advertisement

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সবচেয়ে বেশি থাকবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, প্রতিটি ভোটকেন্দ্রে অস্ত্রধারীসহ মোট ১৩ জন করে আনসার সদস্য থাকবে।

মঙ্গলবার সকালে ঢাকার খিলগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে আনসার ওয়েলফেয়ার ট্রাস্টের ট্রান্সপোর্ট সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, ‘নির্বাচনে আনসারদের অবদান সবচেয়ে বেশি। প্রতিটি ভোটকেন্দ্রে মোট ১৩ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবে। এদের মধ্যে তিনজন থাকবেন অস্ত্রসহ এবং বাকি ১০ জন থাকবেন অস্ত্র ছাড়া। অস্ত্রবিহীন সদস্যদের মধ্যে থাকবেন ছয়জন পুরুষ ও চারজন নারী।’

তিনি আরও জানান, ‘এবারই প্রথম প্রিজাইডিং অফিসারের সঙ্গে অস্ত্রসহ একজন আনসার সদস্য মোতায়েন থাকবেন। নির্বাচনে মোট নয়দিন আনসার সদস্যরা দায়িত্ব পালন করার মাধ্যমে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’

দেশের নিরাপত্তা প্রসঙ্গে জাহাঙ্গীর আলম বলেন, ‘দেশের নিরাপত্তা, শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং জাতীয় উন্নয়নের প্রতিটি পর্বে বাংলাদেশ আনসার ও ভিডিপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তারা নিজেদের জীবন ও স্বার্থের পরোয়া না করে নিষ্ঠা, দায়িত্ববোধ ও দেশপ্রেমের সঙ্গে জাতির সেবায় নিয়োজিত থাকেন।’

আরও পড়ুন

এ সময় বাহিনীর প্রতিটি সদস্যের কর্মজীবনের মানোন্নয়ন ও কল্যাণ নিশ্চিত করার উদ্দেশ্যে বাংলাদেশ আনসার ওয়েলফেয়ার ট্রাস্টের নিজস্ব অর্থায়নে মোট ৩১টি যানবাহন কেনা হয়েছে বলে জানান জাহাঙ্গীর আলম। এসব যানবাহনের মধ্যে রয়েছে ৯টি ট্রুপস ক্যারিয়ার, ১৪টি কাভার্ড ভ্যান, ৪২ আসন বিশিষ্ট ৪টি বড় বাস, ২৪ আসন বিশিষ্ট ২টি মিনি বাস এবং ২টি অ্যাম্বুলেন্স। আনসার বাহিনীর সদস্যদের ছুটি, বিনোদন ভ্রমণ ও বিভিন্ন প্রয়োজনে যাতায়াতজনিত ভোগান্তি কমাতে ট্রান্সপোর্ট সার্ভিস চালু করার কথা জানান তিনি।

এ সুবিধা সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে পরিচালিত হবে এবং বাহিনীর বৈধ পরিচয়পত্রধারী সদস্যদের নির্ভরযোগ্য ও নিরাপদ পরিবহন সুবিধা নিশ্চিত করবে বলে আশা প্রকাশ করেন উপদেষ্টা।

এসময় অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘প্রতিদিনই অস্ত্র উদ্ধার হচ্ছে। এটি একটি চলমান প্রক্রিয়া। পরশুদিনও আটটি অস্ত্র উদ্ধার হয়েছে।’

‘নির্বাচন যত ঘনিয়ে আসবে উদ্ধার তৎপরতা তত বাড়বে। একসময় বাইরে আর কোনো অস্ত্র বা হাতিয়ার থাকবে না’- বলেও আশ্বাস দেন তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad