৪০ কোটি টাকা রাজস্ব ফাঁকির ঘটনায় দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে।
সোমবার চসিক মেয়র শাহাদাত হোসেন ১৫ কার্যদিবস সময় দিয়ে এ নোটিশ জারি করেন।
নোটিশে বলা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯–এর ৬২(২) ধারায় বর্ণিত দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় প্রধান নির্বাহী কর্মকর্তাকে ১৫ কার্যদিবসের মধ্যে এ বিষয়ে কারণ দর্শানোর নির্দেশনা দেওয়া হয়।
নোটিশে উল্লেখ করা হয়েছে, চসিকের ৪১ নম্বর ওয়ার্ডের ৫১৫/এ/৫৯৪ নম্বর হোল্ডিংয়ের ২০১৭–১৮ অর্থবছরের মূল্যায়নে ফিল্ডবুকে ঘষামাজা করে ২৫ কোটি ৬৭ লাখ টাকা থেকে ২০ কোটি টাকা কমিয়ে ৫ কোটি ৬৭ লাখ টাকা দেখানো হয় এবং রিভিউ অ্যাসেসমেন্ট বোর্ডের মাধ্যমে সেটি ৫৮ লাখ টাকায় নিষ্পত্তি করা হয়।
একইভাবে, ৩৮ নম্বর ওয়ার্ডের ৩১৮/৩৩১ নম্বর হোল্ডিংয়ের মূল্যায়নে ২৬ কোটি ৩৮ লাখ টাকা থেকে ২০ কোটি টাকা কমিয়ে ৬ কোটি ৩৮ লাখ টাকা দেখানো হয়, যা পরে ২ কোটি টাকায় নিষ্পত্তি করা হয়।
এইভাবে অ্যাসেসমেন্ট ভ্যালু ইচ্ছাকৃতভাবে কমিয়ে চসিক বিপুল রাজস্ব ক্ষতির মুখে পড়ে। নথি অনুযায়ী, ২০২৩ সালের ২৮ মে বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হলে তৎকালীন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে শেখ তৌহিদুল ইসলাম কোনো তদন্ত বা সংশ্লিষ্টদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার পদক্ষেপ নেননি। দীর্ঘ সময় কোনো পদক্ষেপ না নেওয়ায় করপোরেশন রাজস্ব হারানোর পাশাপাশি দোষীদের শাস্তির আওতায় আনা সম্ভব হয়নি।


