ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন বলে জানিয়েছেন দলটির সভাপতি নুরুল হক নুর।
শুক্রবার রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
তিনি লেখেন, ‘নির্বাচনে জয়লাভের কৌশলের অংশ হিসেবে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাশেদ খান ঝিনাইদহ-৪ আসন থেকে ধানের শীষ প্রতীকে এবং নুরুল হক নুর পটুয়াখালী-৩ আসন থেকে গণঅধিকার পরিষদের প্রতীক ট্রাক নিয়ে নির্বাচন করবেন।’
যুগপৎ আন্দোলনে থাকা শরিক দলগুলোর সঙ্গে আসন সমঝোতার অংশ হিসেবে বিএনপি ঝিনাইদহ-৪ আসনটি গণঅধিকার পরিষদের জন্য ছেড়ে দিয়েছে।
গত বুধবার এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১০টি আসনে শরিক দলের প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।
সে সময় তিনি ঝিনাইদহ-৪ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে রাশেদ খানের নাম ঘোষণা করেন।
এই ঘোষণার পর থেকে ঝিনাইদহ-৪ আসনে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের একটি অংশ অসন্তোষ প্রকাশ করে আসছেন।
তাদের দাবি, এ আসন থেকে রাশেদ খানকে প্রত্যাহার করে বিএনপির নিজস্ব প্রার্থী দিতে হবে।


